ঢাকা ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬

স্টাফ রিপোর্টার ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার ৪নং গালুয়া ইউনিয়নের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি ইউনিয়ন দলনেত্রী আয়শা বেগম গত ১৫ জানুয়ারি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। বর্তমানে চরম আর্থিক সংকটের কারণে তিনি কার্যত বিনা চিকিৎসায় নিজ বাড়িতে মৃত্যুশয্যায় দিন কাটাচ্ছেন। দেখার যেন কেউ নেই। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি আয়শা বেগম তার স্বামী, ভাড়ায় চালিত রিকশাচালক ও আনসার-ভিডিপি সদস্য মোঃ মজিবুর রহমানের রিকশাযোগে নিজ গ্রাম চাড়াখালী থেকে অফিস আদেশ অনুযায়ী ফুল ইউনিফর্ম পরিহিত অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ডিউটির জন্য প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য সংগ্রহের উদ্দেশ্যে রাজাপুর উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের দিকে রওনা হন। পথিমধ্যে একটি সড়ক সেতুর ঢালে পৌঁছালে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এতে রিকশাচালক মজিবুর রহমান আহত হলেও খাদে পড়ে রিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আয়শা বেগম। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তার বাম পা দুই জায়গায় (উপর ও নিচে) ভেঙে গেছে। পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে কাটা ও জখম রয়েছে। এছাড়া তিনি ফুসফুসজনিত সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চরম দারিদ্র্যের কারণে উন্নত চিকিৎসা করাতে না পারায় তিনি নিজ বাড়িতেই চিকিৎসাবিহীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে ৪নং গালুয়া ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার মোঃ সুমন বিএএম জানান, আয়শা বেগম প্রত্যন্ত অঞ্চলের একজন দক্ষ, নিষ্ঠাবান ও দূরদর্শী আনসার-ভিডিপি নেত্রী। জাতীয় নির্বাচন, দুর্গাপূজা, জননিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সদস্য সংগ্রহসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি আরও জানান, আয়শা বেগমের তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ১৭ আগস্ট রাজাপুর উপজেলার চাড়াখালী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি দেশীয় অস্ত্র (পাইপগান), দুই রাউন্ড তাজা কার্তুজ, নয় পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়, যা পরে রাজাপুর থানায় জমা দেওয়া হয়। এ ঘটনায় তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। জানা গেছে, আয়শা বেগম একজন ভাতাভোগী ভিডিপি দলনেত্রী। তার অসহায়ত্ব বিবেচনায় কয়েক বছর আগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তার নিজ জমিতে একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২২ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে “প্রেসিডেন্ট ভিডিপি পদক (সেবা)” লাভ করেন। আয়শা বেগমের স্বামী মোঃ মজিবুর রহমান পেশায় ভাড়ায় রিকশাচালক এবং তিনিও আনসার-ভিডিপি সদস্য। তাদের একমাত্র কন্যা আছমা আক্তার বিবাহিত হলেও বর্তমানে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় মায়ের কাছেই বসবাস করছেন। আয়শা বেগম জানান, দুর্ঘটনার বিষয়টি রাজাপুর উপজেলা আনসার (সহকারী) কোম্পানি কমান্ডার আঃ সুক্কুরকে জানানো হয়েছে। তিনি একবার তার বাড়িতে এসে খোঁজখবর নিয়েছেন। এছাড়া ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোঃ সুমন বিএএম নিয়মিত তার খোঁজ নিচ্ছেন। তবে উপজেলা আনসার-ভিডিপি অফিস থেকে এখনো কোনো আর্থিক বা চিকিৎসা সহায়তা পাওয়া যায়নি। এই জীবন-মরণ পরিস্থিতিতে তিনি বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network