বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এই হাতাহাতির ঘটনা ঘটে। পরে জেলা ও মহানগর বিএনপি এবং ছাত্রদলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগরের কয়েকটি ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশের সামনে অবস্থান নিতে চাইলে অন্যরা তাদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ছাত্র সমাবেশের মঞ্চে থাকা বিএনপি ও ছাত্রদল নেতারা এসে হাতাহাতিতে লিপ্ত ছাত্রদল নেতাকর্মীদের শান্ত করেন।
মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, সমাবেশের সামনে অবস্থান করা নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে একটু হাতাহাতির ঘটনা ঘটেছিল। তাৎক্ষণিকভাবে তা স্বাভাবিক করা হয়েছে।
পরে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন মহানগর সভাপতি রেজাউল করিম রনি।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2026 বরিশাল প্রতিদিন. All rights reserved.