ডেস্ক ॥ বরিশালে মেসে নিজ কক্ষ থেকে বৃষ্টি সরকার (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের এমএম টাওয়ারের ষষ্ঠতলা থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃষ্টির বাড়ি সাতক্ষীরায়। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, রাতে সহপাঠীরা ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া বলেন, খবর পেয়ে আমরা সবাই মেডিকেলে ছুটে এসেছি। বৃষ্টির পরিবারকে খবর দেওয়া হয়েছে। এমন একটি ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে গেলো। প্রশাসন বিষয়টি দেখছে। বিস্তারিত পরে জানানো হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ১০ হাজার শিক্ষার্থীর একটি পরিবার। আমরা প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষার সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার বিষয়ে নিয়মিত কাউন্সেলিং করে থাকি। তারপরও এমন একটি ঘটনা সত্যি দুঃখজনক।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2026 বরিশাল প্রতিদিন. All rights reserved.