ঢাকা ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুন ৩, ২০২১

ভোলা প্রতিনিধি :: ভোলায় বৃষ্টির মধ্যে খেলতে গিয়ে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২টায় চরফ্যাশনের শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ মাদ্রাজ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, একই গ্রামের মো. কুদ্দুস মাঝির ছেলে জহিরুল ইসলাম সাগর (১১) ও আব্দুল সাত্তারের ছেলে সিফাত হোসেন শান্ত (৯)।
এ ঘটনায় আহতরা হলেন, কৃষক মো. নূরন্নবী (৪০) ও ইব্রাহীম (৮)। তারাও একই গ্রামের বাসিন্দা।
এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মো. মাহাবুব আলম খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে ওই শিশুরা তাদের বাড়ির পাশের কৃষিজমিতে খেলছিল। আর নূরন্নবী তার আঁখক্ষেতে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে তারা আহত হন।
পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা জহিরুল ইসলাম সাগর ও সিফাত হোসেন শান্তকে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network