ঢাকা ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

স্টাফ রিপোর্টার ॥ নিজের জন্য অক্সিমিটার কিনতে বের হয়েছেন এক করোনা রোগী। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থামানো হয় চেকপোস্টে। বাড়ির বাইরে বের হওয়ার কারণ জেনে এগিয়ে এলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিজের গাড়ি পাঠিয়ে ওই রোগীর জন্য আনালেন অক্সিমিটার। বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় শনিবার সকালে ঘটেছে ঘটনাটি।
করোনা আক্রান্ত ওই রোগীর নাম মেহেদি হাসান। তিনি রূপালী ব্যাংকের সাগরদি ব্রাঞ্চের কর্মকর্তা এবং নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা। নগরীর ওই চেকপোস্টে তখন উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর জানান, করোনা উপসর্গ দেখা দেয়ায় স্ত্রী ও সন্তানকে বাড়ি পাঠিয়ে দেন ব্যাংক কর্মকর্তা মেহেদি। পরে করোনা শনাক্ত হওয়ায় ও স্বজনরা কেউ কাছে না থাকায় বেশ বিপাকে পড়েন তিনি। শরীরে অক্সিজেনের মাত্রা জানতে দরকার অক্সিমিটার। সেটি কিনতেই বাইরে বের হন তিনি।
তিনি বলেন, মেহেদি নিজেই বাইক নিয়ে বের হয়। নথুল্লাবাদ চেকপোস্টে জিজ্ঞাসাবাদের জন্য দাঁড় করালে জানতে পারি তিনি করোনা পজিটিভ। পরে গাড়ি পাঠিয়ে তার জন্য অক্সিমিটার কিনে এনে তাকে দিই।
তিনি আরো বলেন, আমি তাকে আমার ফোন নম্বর দিয়েছি। যেকোনো ধরনের সহযোগিতার জন্য বলেছি আমাকে কল করতে। পরে অক্সিমিটার হাতে পেয়েই ওই ব্যাংক কর্মকর্তা বাসায় ফিরে যান বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network