ঢাকা ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে সাবেক এক সেনা কর্মকর্তা ও অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের ফেসবুক পেইজের এডমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মনির উদ্দিন আহম্মেদ তারেক। সাবেক সেনা কর্মকর্তা হচ্ছেন হাসিনুর রহমান ।
বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপারকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন।
আইনজীবী গোলাম সারওয়ার রাজীব জানান, আসামি হাসিনুর রহমানের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার বিনয়ঘর গ্রামে। তিনি বর্তমানে রাজধানী ঢাকার মিরপুরে বসবাস করছেন। তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা। মামলার অপর আসামি অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের ফেসবুক পেইজের এডমিন। হাসিনুর রহমান একজন সাবেক সেনা কর্মকর্তা হওয়া
সত্বেও রাষ্ট্র, সরকার ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য দিয়ে নেত্র নিউজের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
মামলার আরজি থেকে জানা যায়, রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন ভিডিওসহ পোস্ট ভাইরাল হয় নেত্র নিউজ থেকে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।
মিথ্যা, মানহানিকর, আক্রমণাত্মক এই অপপ্রচারের কারণে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে মামলার আরজিতে উল্লেখ করেছেন বাদী।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network