ঢাকা ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪

ডেস্ক রিপোর্ট//ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ। শান মাসুদ-বাবর আজমদের এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। দলের এমন হারের পর পাকিস্তান দল নিয়ে সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম উল হক ও ইউনিস খানের মতো সাবেক তারকা ক্রিকেটাররা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের কাছে ৬ উইকেটে হেরেছে পাকিস্তান। এর আগে একই মাঠে হেরে ছিল ১০ উইকেটে। নিজেদের মাঠে ২-০ ব্যবধানে এ হার মানতে পারছেন না পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার ও কোচ মিঁয়াদাদ।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট যে এই স্তরে নেমেছে তা দেখে খুব খারাপ লাগছে। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। কিন্তু যেভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে তা খুব খারাপ ইঙ্গিত। পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ খুব খারাপ।’
বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের দায় শুধু ক্রিকেটারদের দিনে চান না মিঁয়াদাদ। তার মতে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডও সমানভাবে দায়ী। আমি শুধু ক্রিকেটারদের দায়ী করব না। গত দেড় বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ড যেভাবে চলেছে তাতে এর থেকে ভালো কিছু হতে পারে না। বারবার অধিনায়ক ও দল বদল করলে ভালো ফল হয় না। এবার সময় হয়েছে সেটা বোঝার।’
প্রায় একই সুরে কথা বলেছেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। তিনি বলেন, ‘ঘরের মাঠে আমরা বরাবর শক্তিশালী ছিলাম। কিন্তু তার জন্য তো ব্যাটারদের রান করতে হবে। নিজেদের দেশের পিচেই আমরা দাঁড়াতে পারছি না।’
আরেক সাবেক অধিনায়ক ইউনিস খানের মতে, ব্যাটারদের পরিকল্পনার অভাব। আর তাদের মানসিক সমস্যার কারণে পুরো দলকে খেসারত দিতে হচ্ছে বলে মনে করেন তিনি। ইউনিস খান বলেন, ‘খেলা দেখে আমার মনে হলো ব্যাটারদের কোনো পরিকল্পনাই নেই। কীভাবে রান করতে হবে, কীভাবে ব্যাট করতে হবে সেটাই ওরা ভাবছে না। এই পরিস্থিতিতে ওদের আত্মবিশ্বাস জোগাতে হবে। নইলে ওরা আরও ভয় পাবে।’
সমালোচনায় যুক্ত হয়ে পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি বলে এলো, আর তোমাদের হারিয়ে চলে গেল। আসল কথা হচ্ছে তোমরা কিছুই পার না। তোমাদের দিয়ে হচ্ছেই না।’


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network